যশোর শিশু হাসপাতাল বৃহত্তর পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের

যশোর প্রতিনিধি:

যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রমও এগিয়ে চলছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর যশোর শিশু হাসপাতালকে আরও আধুনিক ও বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৪ আগস্ট) যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই হাসপাতালটি শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালটি ভগ্নদশায় পড়ে আছে। ইতোমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছি। একইসঙ্গে যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রমও শুরু হয়েছে। অচিরেই এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। করোনারি কেয়ার ইউনিট চালু হওয়ার পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্টে পরিণত হয়েছিলেন। যারা তখন তার বিরুদ্ধে কথা বলছেন, তাদের একটি বড় অংশই তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু অন্তরে ফ্যাসিবাদকে লালন করে, সুযোগ পেলে তারা আবারও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

এসময় এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জন্য সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে জমি দেওয়ার সুযোগ থাকলে তা করারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পানুরাগীরা।

তিন দিনব্যাপী আয়োজিত এই শিল্পকর্ম প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা মোট ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *