কোটচাঁদপুরে ১৮ পিস স্কাফ কফ সিরাপসহ দর্শনার আসমা গ্রেফতার

কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১৮ পিস স্কাফ কফ সিরাপসহ (ফেনসিডিল সদৃশ্য সিরাপ) আসমা খাতুন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক আসমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মো. ইউনুচ আলীর মেয়ে এবং আফসার হোসেনের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলার দুধসরা জোলাপাড়া মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা ও এসআই মুহিতুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি ভাঙারি দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করা আসমা খাতুনকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগের ভেতর থেকে ১৮ পিস স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা স্কাফ কফ সিরাপ ফেনসিডিল সদৃশ্য মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে উদ্ধারকৃত দ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক নারীকে গ্রেপ্তার দেখানো হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ডিবি পুলিশের অভিযানে আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *