জীবননগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নৃত্যে ‘ক’ শাখায় প্রথম তারিন আফরিন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে নজরুল বর্ষ উপলক্ষে নজরুলসংগীত, গজল, একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নজরুলসংগীত, গজল, একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ বিশ্বাস, সংগীতশিল্পী হাসানুজ্জামান বাবলু, জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দিন, শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মঈন, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান এবং থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইউসুপ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল মূল্যবোধে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এদিকে প্রতিযোগিতায় একক নৃত্যের ‘ক’ শাখায় প্রথম স্থান অর্জন করেছে তারিন আফরিন। সে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি তারিকুর রহমানের কন্যা এবং জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

তারিন আফরিনের এ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে তার এ অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *