গঞ্জেরখবর ডেস্ক:-
জিরা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং এটি স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। আয়রন, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন-এ, ভিটামিন-সি, জিংক এবং পটাশিয়াম সমৃদ্ধ জিরা আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে জিরা পানি একটি ভেষজ পানীয় হিসেবে কাজ করে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক।
জিরা পানি তৈরির পদ্ধতি:
এক মুঠো জিরা এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে খালি পেটে সেই পানি পান করতে হবে। এতে জিরার পুষ্টিগুণ পানিতে মিশে যায় এবং শরীরে দ্রুত কাজ করে।
জিরা পানির উপকারিতা:
১. ওজন কমাতে সহায়ক:
জিরা পানিতে থাকা ফাইবার এবং আয়রন শরীরের বিপাকক্রিয়া বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এতে থাকা থাইমল যৌগ অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখতে সাহায্য করে।
২. শরীরকে হাইড্রেটেড রাখে:
জিরা পানি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে, যা শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং অক্সিজেনের প্রবাহ বাড়ায়।
৩. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ:
জিরা পানি রক্তে ইউরিয়ার পরিমাণ কমায় এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল থাকে।
৪. প্রাকৃতিক ডিটক্সিফায়ার:
জিরা পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী উপাদান শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এতে টারপেন, ফেনল এবং ফ্ল্যাভোনয়েড থাকায় শরীরকে বিষমুক্ত রাখে।
৫. অনিদ্রার সমস্যা দূর করে:
জিরায় থাকা ম্যাগনেসিয়াম এবং মেলাটোনিন ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি মানসিক চাপ কমিয়ে মনকে প্রশান্ত রাখে।
৬. কোলেস্টেরল নিয়ন্ত্রণ:
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে, নিয়মিত জিরা পানি খেলে এলডিএল কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
প্রতিদিন এক গ্লাস জিরা পানি আপনার শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। সুস্থ জীবনযাপনের জন্য এটি হতে পারে আপনার প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাসের একটি অংশ।