জীবননগর অফিস:
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
রোববার (০১ মার্চ) রাত ৯টার দিকে গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬৮/৫-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মোঃ মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ এবং ৩৯৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।
একই দিন দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭১/৮-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ আলমের মেহগুনি বাগানে নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আসামীবিহীন ০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন সকাল ৯ টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৫৪/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ এনামুল মিয়ার দানক্ষেত সংলগ্ন স্থান থেকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন দুই হাজার ১১০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের বর্তমান মূল্য ছয় লাখ ৩৩ হাজার টাকা।
সোমবার (০২ মার্চ)ভোর সাড়ে ৫ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৫২-এমপি থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের মোঃ আব্দুল মজিদের বাঁশবাগানে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।একই স্থানে চোরাচালানবিরোধী অভিযানে ৯৯০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত ঔষধের বর্তমান বাজার মূল্য দু’লাখ ৯৭ হাজার টাকা।

একই দিন দুপুর ১২.১০ মিনিটের সময় মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় ইউপির মাইলবাড়িয়া নামক স্থানে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার সময় ০২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
নেপাল চন্দ্র নাথ (পিতা: মৃত উপেন্দ্র কুমার নাথ), গ্রাম: রহিয়ানিয়া, পোস্ট: সূর্যমুখী, থানা: হাতিয়া, জেলা: নোয়াখালী এবং একজন নারী (পরিচয় প্রক্রিয়াধীন)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমান সাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।