জীবননগরে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত: ৩ জনের অর্থ ও কারাদন্ড

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার শাখারিয়া,দেহাটি ও সুবলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুনানি শেষে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-শাখারিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নূর মেহাম্মদ (৪৯)। তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সুবলপুর গ্রামের মৃত রবির ছেলে মধু (৫৫)। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। দেহাটি গ্রামের মৃত টবজেলের ছেলে আব্দুল্লাহ (৫৫)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে আরও জানা যায়, অর্থদণ্ড অনাদায়ে দণ্ডপ্রাপ্তদের অতিরিক্ত কারাভোগ করতে হবে। সাজা ঘোষণার পর তাদের পুলিশ হেফাজতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা মনে করছেন।

সচেতন মহলের দাবি, শুধু অভিযান পরিচালনা নয়, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের বিকল্প কর্মসংস্থান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

উল্লেখ্য, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাতেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের দাবি, মাদক নির্মূলে আইনগত পদক্ষেপের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *