কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি :-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান যশোর সদর উপজেলার রাজারহাট রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,যশোর ট-১১-১৩৪৬ নম্বরের ট্রাকটি গত তিন দিন ধরে কোলা বাজার এলাকার ক্ষ্যাদাপাড়া মোড়ে পার্কিং অবস্থায় ছিল। দীর্ঘ সময় ধরে ট্রাকটি একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ট্রাকচালককে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহে পচন ধরেছিল বলে জানায় পুলিশ।পুলিশের প্রাথমিক ধারণা,কোনো ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুটের পর চালককে হত্যা করে ট্রাকটি ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং করা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে,তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ২-৩ দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারণ লাশ থেকে দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।উল্লেখ্য, উদ্ধার হওয়া আব্দুর রহমান আরটিভির যশোর জেলা প্রতিনিধি বিএম ফারুকের শ্বশুর বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *