জীবননগর অফিস:
শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বিশেষ বরাদ্দের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এবং চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন-এর মাধ্যমে সরকারি বিশেষ বরাদ্দের আওতায় এসব ক্রীড়া সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের (বাজার সংলগ্ন) ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন নূর ইসলামী একাডেমি অ্যান্ড কিন্ডারগার্টেন, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুল, আন্দুলবাড়ীয়া অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পৃথকভাবে এক সেট জার্সি, প্যান্ট, ফুটবল, ক্রিকেট ব্যাটসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর-রশিদ, আন্দুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল এবং জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি আতিকুর রহমান টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এম. আসলাম পারভেজ, আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিম আকরাম, কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আন নূর ইসলামী একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক মনোয়ার হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সরকারি বিশেষ বরাদ্দের আওতায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।