জলিলপুর আলিম মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, অধ্যক্ষ আব্দুল হাইকে বিদায় সংবর্ধনা

অপুদাস, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর আলিম মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং দীর্ঘ শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি উপলক্ষে অধ্যক্ষ মো. আব্দুল হাইকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার বাংলা প্রভাষক মো. সুলতান আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির মো. ফারুক আহমেদ, সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সাবেক সেক্রেটারি শরীফ উদ্দিন মাস্টার, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুজ্জামান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল হাই তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, একজন আদর্শ শিক্ষকের অবদান কখনো হারিয়ে যায় না। তাঁর গড়ে তোলা শিক্ষার্থীরাই তাঁর প্রকৃত পরিচয় বহন করে। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, অধ্যক্ষ আব্দুল হাইয়ের সততা, নিষ্ঠা ও শিক্ষার প্রতি একাগ্রতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আব্দুল হাইকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *