আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহে নসিমন (ভুটভুটি) উল্টে আসাদ মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর নির্মাণকাজ শেষে সহকর্মীদের সঙ্গে নসিমন (ভুটভুটি)যোগে বাড়ি ফিরছিলেন নগরবাথান গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আসাদ মিয়া। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে আসাদ মিয়া ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।