জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম ওরফে শাবুল (৪৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে খয়েরহুদা বাঁশবাগান মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন। রোববার সকালে নিজের ছাগলের খাবারের জন্য একটি কাঁঠাল গাছে উঠে পাতা সংগ্রহ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, শরিফুল ইসলাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। তার তিন কন্যা সন্তান রয়েছে। অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।
খয়েরহুদা গ্রামের বাসিন্দা ও সাবেক বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শাবুল অত্যন্ত দরিদ্র ও পরিশ্রমী একজন কৃষক ছিলেন। তিন কন্যা সন্তান রেখে তিনি চলে গেলেন। পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
স্থানীয়দের মতে, গ্রামীণ জনপদে এখনো অনেক কৃষক ও গবাদিপশু পালনকারী জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে পশুখাদ্য সংগ্রহ করেন। প্রয়োজনীয় সতর্কতার অভাবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ উপায়ে পশুখাদ্য সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।