বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শাপলা (২২) নামে এক তরুণী স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন। এ সময় তার স্বামী সাকিব পারভেজ (৩০) বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
শাপলা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। অপরদিকে সাকিব পারভেজ কামারপাড়া পূর্বপাড়ার আব্দুল আলিমের ছেলে।
শাপলার দাবি, গাজীপুরে একই গার্মেন্টসে চাকরি করার সময় সাকিবের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের সম্মতিতে ২০২৫ সালের ৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা বাজার এলাকার একটি কাজী অফিসে ১০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা গাজীপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছিলেন বলেও দাবি করেন তিনি।
শাপলার অভিযোগ, সম্প্রতি সাকিব আগের বিয়ের বিষয়টি গোপন রেখে দামুড়হুদার উজিরপুর এলাকায় অন্য এক তরুণীকে বিয়ে করেছেন—এমন খবর পান তিনি। এরপর গাজীপুর থেকে দামুড়হুদায় এসে সাকিবের বাড়িতে অবস্থান নেন এবং স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি জানান।
তবে সাকিবের মা-বাবা ও স্বজনরা শাপলার সঙ্গে সাকিবের বিয়ের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তারা বলেন, “সাকিব বিয়ে করেছে কি না বা ওই তরুণীর সঙ্গে তার কী সম্পর্ক, আমরা তা জানি না। ছেলে বাড়িতে ফিরলে বিষয়টি জানা যাবে।”
মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিক ইকবাল চঞ্চল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তার জানা মতে, সাকিব ও শাপলা গাজীপুরে থাকাকালে বিয়ে করেছিলেন। স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতেই শাপলা সাকিবের বাড়িতে এসেছেন বলে তিনি জানান। এছাড়া সাকিব আগের বিয়ের বিষয়টি গোপন করে উজিরপুরে দ্বিতীয় বিয়ে করেছেন বলেও তিনি শুনেছেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। শাপলার পক্ষ থেকেও কোনো লিখিত আবেদন বা অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”