চুয়াডাঙ্গার হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার প্রাথমিক ধারণা: অতিরিক্ত নেশায় মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহত মামুনুর রহমান কেদারগঞ্জ সবুজপাড়ার বাসিন্দা হলেও পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুকে নিয়ে চুয়াডাঙ্গায় বেড়াতে আসেন এবং আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের

ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

পরবর্তীতে তার দুই বন্ধু চলে গেলেও মামুনুর হোটেলেই অবস্থান করেন।

ম্যানেজার আরও জানান, আগমনের পর থেকেই মামুনুর অসুস্থ ছিলেন। বন্ধুদের হাসপাতালে নেওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। শনিবার সকালে

হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে হোটেল কর্তৃপক্ষ উপরে গিয়ে দেখতে পান মামুনুরের স্বজনরা সেখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পর দেখা যায়

তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা যান। পরে স্বজনরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

মামুনুরের এক বন্ধু জানান, শুক্রবারও তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি রাজি হননি। তার দাবি, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিষয়টি তদন্তের জন্য সিআইডি

ও পিআইবিকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ওসি বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *