অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের চলাচল সহজ করতে হুইল চেয়ার
ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন
ফাউন্ডেশনের অর্থায়নে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে নির্বাচিত ১৩ জন প্রতিবন্ধীর মাঝে ১২টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল
প্রদান করা হয়। এতে শারীরিক প্রতিবন্ধীরা চলাচলের সুবিধা পেয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বি. এম. তারিক-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রাণী এবং ঝিনাইদহ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা অধিদপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বি. এম. তারিক-উজ-জামান বলেন,“সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ কার্যক্রম তাদের চলাফেরা সহজ করে দিবে, পাশাপাশি তারা সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ
নিতে পারবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো উচিত।”
বিশেষ অতিথিরা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তাদের সঠিক সুযোগ-সুবিধা দেওয়া গেলে তারাও দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে সক্ষম।
উপকারভোগীরা হুইল চেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।