জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি,সীমান্তে টহল দলের তৎপরতায় বাংলাদেশে প্রবেশের আগেই ওই তিন ব্যক্তিকে বাধা দেয়া হয়। পরে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়,রোববার(৯ আগস্ট)দিবাগত রাত ৩.১০ মিনিটে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৭০/২-এস সংলগ্ন একটি গেট দিয়ে ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা তিনজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
বিজিবি জানায়,বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের সদস্যরা তাদের দেখতে পান। পরে টহল দল শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় ওই তিন ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।
বিজিবির সদস্যদের অবস্থান ও তৎপরতার কারণে প্রায় দুই ঘণ্টা পর, ভোর ৫.২০ মিনিটে ওই তিন ব্যক্তি ভারতের কাঁটাতারের নিকট ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্তের ৬৮/৫-এস এলাকায় একটি গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) আরও জানায়,ঘটনাটি পরবর্তীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে,সীমান্তে পুশ-ইন,অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। একই সাথে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।